থাইল্যান্ডের মহাচুলালংকর্নরাজ বিশ্ববিদ্যালয়ের (MCU) ওয়াং নই ক্যাম্পাসে “বাংলাদেশ বৌদ্ধ স্টুডেন্টস ক্লাব (BBSC) প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬” উদযাপিত হয়েছে।
বুধবার (২৩শে সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইবিএসসি আই-মাইন্ড কনফারেন্স রুমে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে “বাংলাদেশে বৌদ্ধধর্ম ও বৌদ্ধ সম্প্রদায়: দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সমকালীন চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা সমকালীন বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ক্লাবের মুখপত্র “বোধিস্বর (Bodhiswar)” এবং “The Buddha’s Guidance and Wisdom” গ্রন্থের বাংলা অনুবাদের মোড়ক উন্মোচন। বিশ্ববিদ্যালয়ের আইবিএসসি (IBSC) পরিচালক ভদন্ত ড. ফ্রাখ্রুসমু ভাচিরাভিচ থিতাভাংসোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও UNESCAP-এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আন্দালিব ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব বুদ্ধিস্টস (WAB)-এর প্রেসিডেন্ট ভেন. ড. পর্নচাই পিনিয়াপং পালাওয়াধাম্মো এবং বাংলাদেশের কদলপুর সুধর্মানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু। ভদন্ত ড. থিরসাতু ভিক্ষুর সঞ্চালনায় একাডেমিক প্যানেল আলোচনায় অংশ নেন ভদন্ত ড. ধর্ম প্রিয় ভিক্ষু, ড. সঞ্জয় বড়ুয়া চৌধুরী এবং ড. মিথিলা চৌধুরী প্রমুখ।
বাপ্পা চৌধুরী 








