শত শত পুণ্যার্থীর সমাগমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসির স্থানীয় হলরুমে মাঙ্গলিক কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর ) বিকেলে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ফ্রান্স বিশ্বশান্তি ধ্যানকেন্দ্রের দায়ক-দায়িকাদের আয়োজনে এ অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দানসহ নানা দান কার্য সম্পাদন করা হয়। এ সময় জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়।
সকালে অষ্টউপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

ফ্রান্স ধম্মাচাক্কা শ্রীলংকান বিহারের অধ্যক্ষ ভদন্ত কে আনন্দ নায়ক থেরর সভাপতিত্বে ধর্মদেশনা প্রদান করেন ইউরোপীয়ান বুদ্ধিস্ট সেন্টার ফ্রান্সের অধ্যক্ষ শ্রীমৎ চন্দ্রজ্যোতি থের। বিশ্বশান্তি সেবা পরিষদের সহসভাপতি শ্রী উজ্জ্বল বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বিশ্বশান্তি সেবা পরিষদের উপদেষ্টা অমল বড়ুয়া।
বিকেলে কঠিন চীবর দানসভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

আশীর্বাদক ছিলেন ফ্রান্স ধম্মাচাক্কা শ্রীলঙ্কান বিহারের অধ্যক্ষ ভদন্ত কে আনন্দ নায়ক থের, প্রধান ধর্মালোচক ছিলেন ফ্রান্স বিশ্বশান্তি ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধী বরসম্বোধি মহাথের, উদ্বোধনী বক্তব্য দেন ফ্রান্স বিশ্বশান্তি ধ্যানকেন্দ্রের উপাধ্যক্ষ ভদন্ত অমিতানন্দ ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন বার্মিজ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ কুমারা ছেয়াদ।
অন্যান্যদের মধ্যে ভদন্ত প্রিয়রত্ন থের ,ভদন্ত অপ্রমাদ ভিক্ষু প্রমুখ দেশনা করেন।
শমিষ্টা বড়ুয়া ববির সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন প্রিয়তোষ বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন বিশ্বশান্তি সেবা পরিষদের সভাপতি বিজয় বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্বশান্তি সেবা পরিষদের সাধারণ সম্পাদক রিপন বড়ুয়া।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকেরা এ উৎসবে অংশ নেন।
সবশেষে ঝিনু বড়ুয়ার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তবলায় সংগত করেন রাহুল চৌধুরী বড়ুয়া, অক্টোপ্যাডে শাপলু বড়ুয়া চৌধুরী, কিবোর্ডে আবিদ।
বক্তারা বলেন,বুদ্ধের বাণীর অন্যতম প্রধান শিক্ষা হলো অহিংসা, ভালোবাসা ও ক্ষমা। হিংসা, বিদ্বেষ কিংবা সংঘাতের মধ্য দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ওপরও গুরুত্ব দেন বক্তারা। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের ধর্মীয় মূল্যবোধ ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে।
ডেস্ক রিপোর্ট : 







