উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো কানাডা বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন-এর আয়োজনে মহান দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ২০২৫।

রবিবার (২৬ অক্টোবর)  দিনব্যাপী এই ধর্মীয় মহোৎসবে অংশগ্রহণ করেন থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, বার্মা প্রভৃতি দেশ থেকে আগত ভিক্ষুসংঘ, অসংখ্য উপাসক-উপাসিকা এবং স্থানীয় জনসাধারণ।

সকালের কোমল সূর্যালোকে বিহার প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা জেগে ওঠে বর্ণিল সাজে। শুরু হয় এক মনোমুগ্ধকর বর্ণাঢ্য র‍্যালি ও কল্পতরু শোভাযাত্রা, যেখানে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, পতাকা ও ফুলে সজ্জিত শোভাযাত্রা উৎসবের আবহকে পরিণত করে রঙ, সুর ও আনন্দের এক মিলনমেলায়।

চারপাশ মুখরিত হয়ে ওঠে বৌদ্ধ গান, “সাধু সাধু” ধ্বনি এবং ভক্তদের পদচারণায়। কানাডার মন্ট্রিয়ল শহরের কোট দে নেজ এলাকা ভরে ওঠে বৌদ্ধ ধর্মীয় উচ্ছ্বাসে ও আনন্দোৎসবে।

সকালে অনুষ্ঠানের সূচনা হয় মনোমুগ্ধকর উদ্বোধনী সংগীতের মাধ্যমে, যা পরিবেশন করেন একদল বৌদ্ধ তরুণ-তরুণী। তাঁদের কণ্ঠে নিবেদিত সঙ্গীত শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় এবং পরিবেশ সৃষ্টি করে গভীর ধর্মীয় আবেগে। পরবর্তীতে আগত পূণ্যার্থী উপাসক-উপাসিকাদের সম্মিলিত পঞ্চশীল গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব।
রনজয় বড়ুয়া ছোটন ও মুন্নী বড়ুয়া’র সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় মূল কর্মসূচি।

বক্তব্য রাখেন ভদন্ত আনন্দপ্রিয় থেরো, কানাডা বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের  সভাপতি বাবু জয়দত্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক  রাজীব বড়ুয়া,  আশীষ বড়ুয়া,  রুবেল বড়ুয়া, ইমপেল বড়ুয়া, রাহুল বড়ুয়া ও বিধান বড়ুয়া প্রমুখ।

একে একে সম্পন্ন হয় কল্পতরু দান, অষ্টপরিষ্কার দান এবং পরম শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে অনুষ্ঠিত হয় কঠিন চীবর দান উৎসর্গ। এই পবিত্র চীবর দান কার্যক্রমে বহু দায়ক-দায়িকা তাঁদের শ্রম, অর্থ ও হৃদয়ের গভীর ভক্তি দিয়ে অংশগ্রহণ করেন। ভিক্ষুসংঘের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে গভীরভাবে ধর্মময়, শান্তিমুখর ও আধ্যাত্মিক আনন্দে ভরপুর। যারা কায়িক, বাচনিক, মানসিক ও আর্থিকভাবে এই মহান দানে অবদান রেখেছেন, তাঁদের এই ত্যাগ ও পরিশ্রম যেন ফলপ্রসূ হয়—এই প্রার্থনাই জানালেন আয়োজকরা।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা । এই মহান কঠিন চীবর দান উৎসবের মাধ্যমে সঞ্চিত পুণ্যফল যেন সকল প্রাণীর মঙ্গল, সুখ ও নির্বাণলাভের হেতু হোক।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *