সার্ক আন্তর্জাতিক ব্যক্তিত্ব পুরস্কার-২০২৬ অর্জন করলেন জোবরা পি.পি. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষকনেতা, লেখক ও শিক্ষাবিদ প্রশান্ত কুমার বড়ুয়া ।
শিক্ষা, শিক্ষকতা, সাহিত্য ও সমাজ সংস্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সার্ক মানবাধিকার ফোরাম, ঢাকা এ পুরষ্কার প্রদান করে।
গত ০৩ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানী ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। পরবর্তীতে গতকাল চট্টগ্রাম নগরীর এক সামাজিক অনুষ্ঠানে SAARC HUMAN RIGHTS FORUM-এর প্রেরিত প্রতিনিধির মাধ্যমে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য ১৯৪০ সালে চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা গ্রামের জন্মগ্রহণকারী প্রশান্ত কুমার বড়ুয়া এম.এ. ও বি.এড. (প্রথম শ্রেণি) ডিগ্রিধারী একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কলোনী হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সর্বশেষ জোবরা পি.পি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষকনেতা হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি অষ্টম, নবম ও দশম শ্রেণির ইংরেজি (ফাংশনাল) পাঠ্যপুস্তক প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি বৌদ্ধ ধর্ম, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ সংস্কারেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত সংঘরাজ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে প্রায় দুই দশক দায়িত্ব পালন করেন। বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন শীর্ষ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় শিক্ষা, ধর্ম ও সমাজবিষয়ক লেখালেখি করে আসছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— শাসন পথিকৃৎ জ্ঞানশ্রী মহাস্থবির, বিদর্শনাচার্য বোধিপাল শ্রামণ, মহামান্য দশম সংঘরাজ শ্রীমৎ জ্যোতিঃপাল মহাথেরো মহোদয়ের জীবনীগ্রন্থ “জ্যোতির্ময় জ্যোতিঃপাল”, সাধক গুরু গোবিন্দ, দশম সংঘরাজ অনুষঙ্গ, গৌতমবুদ্ধ ও প্রকৃতি, বৌদ্ধ ধর্মে সমতা চর্চা, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ শ্রীমৎ জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়ের জীবনীগ্রন্থ “সদ্ধর্মজ্যোতি জ্ঞানশ্রী” এবং প্রান্তিকে প্রদীপ্ত ফজলুল হক চৌধুরী।
বাপ্পা চৌধুরী 







