যুক্তরাজ্যের লন্ডনে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) লন্ডনের মেনর পার্কের স্থানীয় হলরুমে শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় সময় সকাল থেকে বিভিন্ন বিহারে সমবেত হন নানা বয়সী পুণ্যার্থী। পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, ধর্মীয় সংগীত পরিবেশন ও ধর্মদেশনা শ্রবণের মধ্য দিয়ে তারা অংশ নেন উৎসবে।
দিনব্যাপী আয়োজিত এই পুণ্যময় অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মহাসংঘ দান ও জ্ঞাতিভোজন। দ্বিতীয় পর্বে ১২ জন মহান ভিক্ষুসংঘের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ধর্মীয় দানসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
দিনব্যাপী আয়োজিত এই পুণ্যময় অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মহাসংঘ দান ও জ্ঞাতিভোজন। দ্বিতীয় পর্বে ১২ জন মহান ভিক্ষুসংঘের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ধর্মীয় দানসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

দানসভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথের মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি যুক্তরাজ্যের সমাজকল্যাণ ও পেনশনবিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমস সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও সম্প্রীতির আবহে পুরো অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিকেল ৪টায় শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ ও গানের পরিবেশনার পাশাপাশি মঞ্চস্থ হয় বৌদ্ধ ধর্মের ইতিহাস ও শিক্ষার ওপর ভিত্তি করে নির্মিত দুটি নাটিকা—‘বুদ্ধকে সুজাতার পায়েস দান’ এবং ‘অঙ্গুলিমাল’।
বাংলাদেশ ও প্রবাসে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণত নৃত্য, সংগীত ও কীর্তনের আয়োজন দেখা গেলেও দীর্ঘদিন ধরে ধর্মীয় নাটক, নাটিকা কিংবা মঞ্চনাট্যের চর্চা অনেকটাই অনুপস্থিত। এই বাস্তবতা উপলব্ধি করে নতুন প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মের ইতিহাস, শিক্ষা ও মানবিক দর্শনকে শিল্পের মাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে (BBCUK)-এর কালচারাল টিম এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
প্রবাসের মাটিতে বাংলা ভাষায় একই অনুষ্ঠানে দুটি বৌদ্ধ ধর্মীয় নাটিকা মঞ্চস্থ হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অর্জন।
‘বুদ্ধকে সুজাতার পায়েস দান’: মধ্যমপথের অনন্য শিক্ষা
প্রথম নাটিকা ‘বুদ্ধকে সুজাতার পায়েস দান’-এ আড়াই হাজার বছর আগের গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভের পূর্ববর্তী জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়।
দীর্ঘ ছয় বছর কঠোর তপস্যা ও সাধনার পর সিদ্ধার্থ গৌতম উপলব্ধি করেন যে, চরম ভোগবিলাস কিংবা চরম কৃচ্ছ্রসাধনা—কোনোটিই মুক্তির প্রকৃত পথ নয়। ঠিক সেই সময় সুজাতা তাঁকে পরম শ্রদ্ধা ও ভক্তিভরে পায়েস দান করেন। পায়েস গ্রহণের পর তিনি শারীরিক শক্তি ফিরে পান এবং মধ্যমপথ অনুসরণ করে বোধিবৃক্ষের নিচে গভীর ধ্যানে বসেন। পরবর্তীতে তিনি লাভ করেন পরম বুদ্ধত্ব।

নাটিকাটিতে বুদ্ধের জীবনের এই তাৎপর্যপূর্ণ ঘটনাকে মঞ্চে জীবন্ত করে তোলা হয়। বুদ্ধ চরিত্রে শিমুল বড়ুয়া এবং সুজাতা চরিত্রে মনিকা বড়ুয়ার অভিনয় ছিল অত্যন্ত প্রাণবন্ত ও প্রশংসনীয়। সুজাতার সহকারী পূর্ণা চরিত্রে সমৃদ্ধি বড়ুয়া বিশেষভাবে নজর কাড়েন।
এ ছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করেন পূর্ণিমা বড়ুয়া, রীতিশা বড়ুয়া, মেগান বড়ুয়া, নির্বানা বড়ুয়া, দৃষ্টি চৌধুরী, তানভিকা বড়ুয়া, সৃজয় বড়ুয়া, অরিদ্ধ বড়ুয়া ও সোহার্দ বড়ুয়া।
শিল্পীদের সাবলীল অভিনয়, মঞ্চসজ্জা ও উপস্থাপনার মাধ্যমে নাটিকাটি দর্শকদের সামনে বুদ্ধের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে।

‘অঙ্গুলিমাল’: হিংসা থেকে অহিংসার পথে এক হৃদয়স্পর্শী রূপান্তর
দ্বিতীয় নাটিকা ‘অঙ্গুলিমাল’ ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বৌদ্ধ সাহিত্যের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কাহিনি মানবজীবনে মৈত্রী, করুণা, ক্ষমা ও আত্মপরিবর্তনের এক অসাধারণ দৃষ্টান্ত।
কাহিনি অনুযায়ী, অঙ্গুলিমাল ছিলেন এক ব্রাহ্মণপুত্র। তাঁর প্রকৃত নাম অহিংসক। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান, ধার্মিক ও গুরুর প্রিয় ছাত্র। কিন্তু ষড়যন্ত্র ও গুরুর কুমন্ত্রণার শিকার হয়ে তিনি একসময় বিপথগামী হন। গুরুদক্ষিণা হিসেবে এক হাজার মানুষের আঙুল সংগ্রহ করতে গিয়ে তিনি নিষ্ঠুর দস্যুতে পরিণত হন এবং অঙ্গুলিমাল নামে পরিচিতি লাভ করেন।
একসময় তাঁর হিংস্রতা এমন পর্যায়ে পৌঁছায় যে, নিজের মাকেও হত্যার উপক্রম হন তিনি। মাতৃহত্যার মতো ভয়াবহ পাপ এবং অবীচি নরকে পতনের পরিণতি থেকে তাঁকে রক্ষা করতে মহাকারুণিক বুদ্ধ নিজেই তাঁর সামনে উপস্থিত হন।

বুদ্ধের অপার মৈত্রী, করুণা, শান্তি ও প্রজ্ঞাপূর্ণ উপদেশে অঙ্গুলিমালের হৃদয়ে পরিবর্তন আসে। তিনি হিংসার পথ পরিত্যাগ করে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন।
এই নাটিকার মূল শিক্ষা অত্যন্ত গভীর—ঘৃণার মাধ্যমে ঘৃণার অবসান হয় না; মৈত্রী ও ভালোবাসার মাধ্যমেই হিংসাকে জয় করা সম্ভব। একজন নিষ্ঠুর মানুষও সঠিক শিক্ষা, উপলব্ধি ও মানবিকতার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারেন।
নাটিকাটির প্রতিটি দৃশ্য দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। অঙ্গুলিমাল, বুদ্ধ, পথিক ও অন্যান্য চরিত্রের অভিনয় ছিল প্রশংসনীয়। তবে অঙ্গুলিমালের মা ও ছেলের মধ্যকার দৃশ্যটি দর্শকদের বিশেষভাবে আবেগাপ্লুত করে।
বিশেষ করে, অঙ্গুলিমালের মা যখন বনের মধ্যে নিজের সন্তানকে খুঁজতে থাকেন এবং অন্যদিকে গুরুদক্ষিণার শেষ আঙুল সংগ্রহের জন্য অঙ্গুলিমাল নিজের মাকেই হত্যা করতে উদ্যত হন, তখন মঞ্চে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। একদিকে সন্তানের জীবন রক্ষায় মায়ের আকুল প্রচেষ্টা, অন্যদিকে গুরুর নির্দেশ পালন করতে গিয়ে নিজের মমতাময়ী মাকে হত্যা করতে উদ্যত সন্তানের নির্মমতা—এই দৃশ্য অনেক দর্শকের চোখে জল এনে দেয়।
এরপর বুদ্ধের আবির্ভাব, তাঁর শান্ত ও মমতাপূর্ণ উপদেশ এবং অঙ্গুলিমালের হৃদয় পরিবর্তনের মধ্য দিয়ে নাটিকাটি এক অনন্য মানবিক পরিণতি লাভ করে।
অঙ্গুলিমাল চরিত্রে শিলাময় বড়ুয়া (শিপন), বুদ্ধ চরিত্রে শিমুল বড়ুয়া, পথিক চরিত্রে আনন্দ মোহন সিংহ এবং অঙ্গুলিমালের মা মন্দানী চরিত্রে শ্রেষ্টা বড়ুয়া অসাধারণ অভিনয় করেন।
নাটিকাটি দর্শকদের কাছে শুধু একটি ধর্মীয় কাহিনি হিসেবেই নয়, বরং মানবিক মূল্যবোধ ও আত্মশুদ্ধির এক জীবন্ত শিক্ষায় পরিণত হয়।
দর্শকদের প্রশংসা ও ব্যাপক সাড়া
দুটি নাটিকা শেষ হওয়ার পর উপস্থিত দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া পাওয়া যায়। প্রতিটি চরিত্রের অভিনয়, সংলাপ, মঞ্চ পরিকল্পনা, সংগীত ও সামগ্রিক পরিবেশনা ছিল উপভোগ্য ও প্রশংসনীয়।
ফ্রান্স থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বৌদ্ধ পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথের মহোদয় নাটিকা দেখে বলেন আমি সত্যি অভিবুত। খুবই সুন্দর হয়েছে। আমি এইরকম ধর্মীয় নাটক/নাটিকা করার জন্য ফ্রান্স সহ অন্যান্য দেশে অবস্থিত বৌদ্ধদের উৎসাহিত করব।
ভদন্ত ধর্মানন্দ আনন্দ মহাথের বলেন বিদেশের মাটিতে এই প্রথম বাংলা ভাষায় বৌদ্ধ ধর্মীয় নাটিকা দেখা সত্যিই প্রশংসনীয়। তিনি বিবিসি ইউকে ও কঠিন চীবর দান উৎসব উদযাপন পরিষদ কে ধন্যবাদ জানিয়েছেন।
জেতবন বিহার লন্ডনের সম্মানিত বিহার অধ্যক্ষ শাসনকীর্তি ফ্রা এইচ মহীপাল মহাথেরো মহোদয় বলেন ভবিষ্যতে এই ধরনের ধর্মীয় নাটক, নাটিকা ও সিনেমা আর বেশি করতে হবে এতে ভবিষৎ প্রজন্মের ছেলেমেয়েরা বৌদ্ধ ধর্মের সঠিক ইতিহাস ও নৈতিক শিক্ষা লাভ করতে পারবে।
কেমব্রিজ থেকে আগত চীবর দানে উপস্থিত ধর্মপ্রাণ দর্শক সাজু বড়ুয়া বলেন আমি নাটিকা দেখে সত্যি আবেগে আপ্লুত। এক পর্যায়ে বিশেষ করে অঙ্গুলিমাল মায়ের দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এসেছে।
এইরকম আরও অনেকে মন্তব্য করেছেন নাটিকা দেখে তাদের চোখে জল চলে এসেছে প্রতিটি চরিত্র দুর্দান্ত হয়েছে।
প্রায় ২৫০ জনেরও বেশি ধর্মপ্রাণ মানুষ ও দর্শক এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত থেকে কঠিন চীবর দান উৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।
দর্শকদের অভিমত, প্রবাসে বাংলা ভাষায় এ ধরনের ধর্মীয় নাট্যচর্চা শুধু বৌদ্ধ ধর্মের ইতিহাস ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে না, বরং বাঙালি বৌদ্ধদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিকল্পনা, নির্দেশনা ও পরিচালনায় যারা ছিলেন
নাটিকা দুটির পরিকল্পনা, চিত্রনাট্য, নির্দেশনা ও পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ বড়ুয়া।
মঞ্চ পরিকল্পনা, সহকারী নির্দেশনা ও পরিচালনায় ছিলেন টিপলু বড়ুয়া। প্রধান মঞ্চসজ্জায় ছিলেন তুষার কান্তি বড়ুয়া।
প্রযোজনায় ছিল বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে (BBCUK)।
সার্বিক তত্ত্বাবধান, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংগীতে ছিলেন বিপ্লব কিশোর বড়ুয়া।
শব্দ প্রয়োগ ও নিয়ন্ত্রণে ছিলেন মুনমুন বড়ুয়া ডানা ও সজীব চৌধুরী। তবলায় ছিলেন পিয়াস বড়ুয়া। ব্যাকস্ক্রিন সজ্জায় ছিলেন চম্পা বড়ুয়া।
মেকআপ, কস্টিউম ও কোরিওগ্রাফিতে দায়িত্ব পালন করেন অপর্ণা বড়ুয়া রিনি, সুপ্তা বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া, সোমা বড়ুয়া ও সুনয়না বড়ুয়া।
মঞ্চের পর্দা নিয়ন্ত্রণে ছিলেন হিমাদ্রি বড়ুয়া ও রোহান কুশান বড়ুয়া। এ ছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন BBCUK এবং বোধিজ্ঞান চিলড্রেন লন্ডনের সদস্য ও সদস্যবৃন্দ।
প্রবাসে বৌদ্ধ সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের প্রত্যয়
পরিশেষে বলা যায়, জেতবন বিহার লন্ডনের কঠিন চীবর দান উৎসবের প্রতিটি পর্ব—মহাসংঘ দান, ধর্মীয় সভা, সম্মাননা প্রদান, নাটিকা, নৃত্য ও সংগীত—সব মিলিয়ে একটি সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়েছে।
বিশেষ করে, বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে (BBCUK) কালচারাল টিমের এই উদ্যোগ প্রমাণ করেছে যে, প্রবাসের মাটিতেও বাঙালি বৌদ্ধদের ধর্মীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সৃজনশীলভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব।
এই নাটিকাগুলো নিছক বিনোদনের আয়োজন ছিল না; বরং ছিল বুদ্ধের মৈত্রী, করুণা, অহিংসা ও মধ্যমপথের শিক্ষা ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক প্রয়াস।
প্রত্যাশা, এই উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতেও প্রবাসে বৌদ্ধ ধর্মীয় নাটক, নাটিকা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন নতুন দ্বার উন্মোচিত হবে এবং নতুন প্রজন্মের মাঝে বুদ্ধের মানবিক দর্শন ও বাঙালি বৌদ্ধ ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।
মঞ্চের আলোয় বুদ্ধের বাণী, শিল্পের মাধ্যমে ধর্মের শিক্ষা—প্রবাসে বাংলা বৌদ্ধ সংস্কৃতির এই নবযাত্রা অব্যাহত থাকুক।
আয়োজকরা জানান,
বিদেশের মাটিতে বাঙালি বৌদ্ধ সংস্কৃতি ও ধর্মীয় নাট্যচর্চার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো যুক্তরাজ্যের লন্ডনে। প্রথমবারের মতো বিলাতে জেতবন বিহার লন্ডনের দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান উৎসব উপলক্ষে বাংলা ভাষায় মঞ্চস্থ হলো বৌদ্ধ ধর্মীয় কাহিনিনির্ভর দুটি ব্যতিক্রমধর্মী নাটিকা—‘বুদ্ধকে সুজাতার পায়েস দান’ ও ‘অঙ্গুলিমাল’। ধর্মীয় দর্শন, মানবিক মূল্যবোধ, মৈত্রী, করুণা ও অহিংসার বাণীসমৃদ্ধ নাটিকা দুটি উপস্থিত দর্শকদের মুগ্ধ ও আবেগাপ্লুত করে।
বিশ্বজিৎ বড়ুয়া 






