খাগড়াছড়িতে পার্বত্য বৌদ্ধ মিশনের (পিবিএম) প্রতিষ্ঠাতা সভাপতি, বৌদ্ধ ধর্মগুরু, সমাজসেবক ও মানবহিতৈষী সুমনালঙ্কার মহাথেরো (৬৯) আর নেই। অনিচ্চা বত সাংখারা…….
গতকাল শনিবার ভোর ৪টায় খাগড়াছড়ির কলমছড়ির পাইলট পাড়ায় পার্বত্য বৌদ্ধ মিশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন।
প্রয়াত সুমনালঙ্কার মহাথের’র প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। গতকাল শনিবার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল হক স্বাক্ষরিত এক শোকবার্তায় সাচিং প্রু বলেন, পূজনীয় সুমনালঙ্কার মহাথেরো ছিলেন ধর্ম, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মহৎ সাধক। পার্বত্য চট্টগ্রামের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাঁর দীর্ঘদিনের নিরলস অবদান অনন্য হয়ে থাকবে।
উল্লেখ্য, তার দূরদর্শী উদ্যোগে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত পার্বত্য বৌদ্ধ মিশন পরবর্তীতে অনাথালয়, আবাসিক উচ্চ বিদ্যালয়, পালি কলেজ, বিদর্শন ভাবনা কেন্দ্র, আইসিটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন।
ডেস্ক রিপোর্ট : 








