প্রজ্ঞা, মানবকল্যাণ ও নৈতিক উন্নয়নের মহতী আদর্শকে সামনে রেখে সংঘরাজ শীলালংকার বিহার এবং সংঘরাজ শীলালংকার শিশু সদন-কল্যাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার নাইক্ষংছড়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসনরক্ষিত মহাথেরো।
অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশনের সভাপতি, বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার পাগলাছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গাশ্রী মহাথের এবং ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ, বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দিঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্য্যলংকার মহাথের, বাংলাদেশ ভিক্ষুণী সঙ্ঘারাম ও ধ্যানকেন্দ্রের পরিচালক গৌতমী ভিক্ষুণী প্রমুখ।

মির্জাপুর শান্তিধাম বিহারের আবাসিক প্রজ্ঞারত্ন ভিক্ষুর মঙ্গলাচরণের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সূচনা বক্তব্য প্রদান করেন শুভধনপাড়া সংঘরাজ শীলালংকার মহাথেরো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি চন্দ্রজিৎ তঞ্চগ্যা।
মহামান্য অষ্টম সংঘরাজ শীলালংকার মহাথেরোর জীবনাদর্শ, জাতির ক্রমবিবর্তনের ইতিহাস, মানব সভ্যতার উৎকর্ষে বিহারের ভূমিকা এবং সামাজিক উন্নয়নে বিহার ও শিশু সদনের গুরুত্ব তুলে ধরে প্রতিষ্ঠাতা প্রজ্ঞাশ্রী ভিক্ষুর লিখিত বক্তব্য পাঠ করেন এবং নিজস্ব গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন সহকারী প্রতিষ্ঠাতা ভদন্ত বিপসসী ভিক্ষু।

সভাপতির বক্তব্যে ভদন্ত শাসনরক্ষিত মহাথেরো বলেন, “সংঘরাজ শীলালংকার বিহার ধর্মীয় সাধনা, নৈতিক শিক্ষা ও প্রজ্ঞা চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি শিশু সদন ও কল্যাণ প্রকল্পটি সুবিধাবঞ্চিত ও অনগ্রসর শিশুদের শিক্ষা, মানবিক মূল্যবোধ ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি আধ্যাত্মিক সাধক বন ভান্তে ও সংঘরাজ শীলালংকার মহাথেরোর গভীর সম্পর্কের স্মৃতিচারণ করেন এবং বলেন,“এই প্রতিষ্ঠান তোমাদের—এর রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়ার দায়িত্বও তোমাদের।”
ভিক্ষুসংঘের আশীর্বাদ, ধর্মদেশনা ও আনুষ্ঠানিক ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ বিস্তারে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠান ও মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে রাজু তঞ্চগ্যা দেড় একর (১৫০ শতক) ভূমি দান করেন।
ভুমিদানসহ সামগ্রিক আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন রুবেল চৌধুরি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভদন্ত ইন্দ্রজ্যোতি ভিক্ষু। ভূমি দান উৎসর্গ করেন ভদন্ত শ্রদ্ধানন্দ থেরো, উপাধ্যক্ষ—আলোকা ধাম্মা বৌদ্ধ বিহার। সার্বিক আয়োজন সমন্বয় করেন ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক—শুভধনপাড়া সংঘরাজ শীলালংকার মহাথেরো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা, স্থানীয় কার্বারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট : 








