ফ্রান্সের প্যারিসের অদুরে বাংলাদেশি অধ্যুষিত লাকর্নভ সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন এক বাংলাদেশের ৪৭ বছর বয়সী রাউজানের আকাশ বড়ুয়া। লড়ছেন প্রভাবশালী রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী নাদিয়া ছাবুন সমর্থিত কাউন্সিলর প্রার্থী হয়ে।
এবারের নির্বাচনে মেয়র প্রার্থী নাদিয়া ছাবুনের প্যানেল থেকে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজানের বাসিন্দা আকাশ বড়ুয়া।
রবিবার ১ মার্চ নির্বাচনের আগে কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র প্রার্থী নাদিয়া ছাবুন কাউন্সিলর পদপ্রার্থী আকাশ বড়ুয়াকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, এলাকার জনমানুষের নিরাপত্তা, নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করাই হবে তার অগ্রাধিকার।
অন্যদিকে বাংলাদেশি প্রার্থী আকাশ বড়ুয়া জানান, তাদের প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশি কমিউনিটির আবাসন সমস্যার সমাধানে তিনি গুরুত্বের সাথে কাজ করবেন।
পারিসের উপশহর লাকর্নভ শহরটি এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকা। ২০২৩ সালের হিসাব অনুযায়ী এখানে বসবাসকারীর সংখ্যা ৪৭ হাজার ১৬৭ জন।
এর মধ্যে প্রায় ৫ হাজার বাংলাদেশির বসবাস, যা শহরটিকে বাংলাদেশি কমিউনিটির জন্য ভুমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারণা।